Monday, December 18, 2017

নির্বাচন

নির্বাচন
মুক্তিপ্রকাশ রায়

যদি তুই হায়নাকে ভয় পাস
তবে তোর দিল মাঙে নেকড়ে
খুনিকে না দিলে প্রেমপত্র
ডাকাতের ঠিকানায় লেখ রে
তোর যদি মনেমনে ছিল এই
কেউটেকে দুধকলা না দিবি
গোখরোকুমার এলে, বল সই--
কোথা বসাইবি, কী বা রাঁধিবি?
পায়খানা যার লাগে ঘেন্না
সে নয় বিষ্ঠা মাখ দু-হাতে
বাঘ দেখে ভয় পেলে খুঁজে দেখ
আর কী জন্তু আছে গুহাতে
যে যার ইচ্ছেমতো বেছে নিক
এটা গণতান্ত্রিক অধিকার
বাছাবাছি শেষ হলে, বাছাধন!
কী লাভ প্রশ্ন তুলে -- গদি কার?

#মুক্তিপ্রকাশরায়

Wednesday, December 13, 2017

শীত ২০১৭

শীত ২০১৭
মুক্তিপ্রকাশ রায়

এখন বোধহয় শ্বাস নেওয়ারও অফ সিজন
বন্ধ নাকে নো এন্ট্রি টু অক্সিজেন
খাবারে নেই, ফুলবাগানেও খুশবু শেষ
সর্দি জমে হালত খারাপ ফুসফুসে
সেদিন এমন কপাল খারাপ, পিকনিকে
জ‍্যাকেটটাতে লাগিয়ে দিল শিকনি কে
সারাবছর চান করা যায় প্রাণ খুলে
এখন দ‍্যাখো, বালতি-ভরা ছাঙ্গু লেক
কাশির ঠেলায় ঘুম গেছে হায় যমপুরী
বউ বলে ব‍্যাং, শালির মতে ওম পুরী--
এমন গলার হাল, অপমান চূড়ান্ত
তাও যদি কেউ একটু নলেন গুড় আনত
সহ‍্য হত এমন বাঁকা কথার তোড়
শীতের জন‍্য মাসদেড়েকই যথার্থ
মেঘের পাশে রুপোর রেখা বুকফেয়ার
নইলে কজন এই জ্বালাতন ভুগবে আর?

#মুক্তিপ্রকাশরায়

Monday, December 11, 2017

ট্রেনে যেতে যেতে

ট্রেনে যেতে যেতে
মুক্তিপ্রকাশ রায়

দিয়াড়া ছেড়ে গেল, এল নসিবপুর
কপালে ছিল বলে তুমি গিয়েছ দূর
দূর কী দুর্বহ কিছুটা পাই টের
দামও যে বেড়ে চলে নিপ বা পাঁইটের
কী করে বিরহকে ডুবিয়ে করি খুন
বন্ধু বলে, দিল যো চাহে উও লিখুন
তাই আপনমনে দেওয়ালে ঘুঁটে দিই
পুরোনো পাপীদের ঘা-গুলো খুঁটে দিই
একে কি ছড়া বলে? কে জানে, যো ভি হো
পেরেমে ল‍্যাং খেয়ে বাঙালি কবি হোক

#মুক্তিপ্রকাশরায়

Sunday, December 10, 2017

বৃষ্টিদিনের কাপলেট

বৃষ্টিদিনের কাপলেট
মুক্তিপ্রকাশ রায়

মাথার ওপর মেঘ জমেছে ক‍্যান্ডি ফ্লস
কাজ-পালানোর নাম রেখেছি ধ‍্যান-দিবস

#মুক্তিপ্রকাশরায়

অপবাদ

অপবাদ
মুক্তিপ্রকাশ রায়

কী করে জানবে কৃষ্ণচূড়াটি একদিন অণুগল্পের
মতো পথচলা শেষ হয়ে যাবে, আসবে না চেনা কল ফের
কথা রয়ে যায় সান্ধ‍্য হাওয়ায়, কিছু বা মেলার ধুলোতে
কবিতার খাতা ছুঁয়ে দেখলি না, কত জন্মের ঝুল ওতে
সম্মুখে গিরি দুর্গম, আর পারাবার অতি দুস্তর
বোকা ছেলেটার আজও দায়ভার কাঁটার মুকুট, ক্রুশ তোর
দিন আনি আর দিন খাই শুধু, মাধুকরী,  সরকারি না
তুই ফিরে এলে আমি কি এখনও প‍্যাশনেট চুমু পারি না?



#মুক্তিপ্রকাশরায়

বহুরূপীর জন‍্য কাপলেট

কেউ জানে না, কেউ বোঝে না, কখন কী যে রূপ ধর
তুমিই আমার বৈধ জানম, তুমিই আমার গুপ্তরোগ

#মুক্তিপ্রকাশরায়

Friday, December 8, 2017

রুচিবদল

রুচিবদল
মুক্তিপ্রকাশ রায়

কেউ বোঝে না অর্থনীতি ডিজিটালিন্ডিয়ায়
বোঝেন শুধু অরুণবাবু জেটলি
স্বপ্নে দেখি আগুন জ্বেলে বসিয়ে কারা দিচ্ছে
গরম চায়ের ব‍্যক্তিগত কেটলি
রাজস্থানের ছাই মিশে যায় ধুলাগড়ের ধুলোয়
আল্লা নীরব, নীরব রঘুনন্দন
স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, সাফ করে দাও আরও
গায়ের থেকে মানুষ-মানুষ গন্ধ
আমরা বোড়ে, বুঝব কী আর উন্নয়নের মানে
বুঝুক যারা খেলতে পারে দাবা
দেশের জন‍্য বিফ ছেড়ে আজ ধরব কি না ভাবছি
মানুষ-পোড়া -- পলিটিক‍্যাল কাবাব

#মুক্তিপ্রকাশরায়