Monday, March 12, 2018

পার্থিব

পার্থিব
মুক্তিপ্রকাশ রায়

শিউলিফুল আমাকে ভয় দেখায় আজকাল
কাশফুল ভরসা দিতে থাকে

অধার্মিক ছেলের জন্য পুজো দেবে বলে
মা কখনও ... আর কক্ষনও মণ্ডপে যাবে না
অথচ ঝাপসা সহকর্মী ডেকে নেবেন
বাড়ির পুজোয়

মায়ের মৃত্যুর পর
আমাদের নবজন্ম হয়
মৃত্যু দক্ষ হাতে নাড়ি কেটে বলে
যা, সত‍্যিসত‍্যি চরে খা এবার

তখন পৃথিবীর ভয়ে আমরা কাঁদি
পৃথিবীই শেষমেশ রুমাল বাড়ায়

#মুক্তিপ্রকাশরায়
#পার্থিব

Saturday, March 10, 2018

সাপলুডো

সাপলুডো
মুক্তিপ্রকাশ রায়

কবিতা কি সাপলুডো?এত ওঠানামা!
মই? না কি সাপে খাবে?কী আছে কপালে!
জানে শুধু কাকাদেমি কে সোনা, কে তামা
গুলেবাঘ আছে কি না ভেড়াদের পালে

কোন কবি পোষ মানে জানে তা সাপুড়ে
কোন কবি ট্রাইবাল -- সাব-অলের ক্রেজ
কে মাচো সঙ্গী হবে উইক-এন্ড ট‍্যুরে
কবিতা ততটা ভালো যতটা ক্লিভেজ


আমি বৃথা মই খুঁজি, তেড়ে আসে সাপ
কবিতা পাহারা দেয় কবিতার বাপ


#মুক্তিপ্রকাশরায়
#সাপলুডো

Wednesday, March 7, 2018

বোধন

বোধন
মুক্তিপ্রকাশ রায়

দুধের বালতিতে
এখনও ডুবে যায়
জীবনদাত্রীর কন‍্যাদায়
এখনও আগুনে বা
অ‍্যাসিড-অক্ষরে
শরীরে আঁকা থাকে পণ-আদায়
তবে যে কারা বলে
ভারত ডিজিটাল
দুয়ারে সমাগত আচ্ছে দিন!
সে-কথা মেনে নেব
পথে যে-নির্ভয়া
কাটাবে নির্ভয়ে রাত যেদিন
নয়তো বৃথা এই
মঞ্চ, চিৎকার,
ভিক্ষা, অনুদান, প্রীতি ও শোক
হাতে না ওঠে যদি
শূলাদি প্রহরণ
ক্রোধে না জ্বলে ওঠে
তৃতীয় চোখ

#মুক্তিপ্রকাশরায়
#নারীদিবস

Wednesday, February 28, 2018

দোল:২০১৮

দোল:২০১৮
মুক্তিপ্রকাশ রায়

শিমুলের রং টকটকে লাল
পলাশ একটু ফ‍্যাকাশে
বসন্ত জেগে কলেজের গেটে
একজাম, খাতা দেখা শেষ
হইহই করে দোল এসে গেল
মার্চের মাসপয়লা
কে ছিল, কে নেই, তবু দেখো সেই
আবীরে আবীরে ছয়লাপ
বোলপুর যাওয়া হয়নি, তবে হ‍্যাঁ
হলুদ শাড়িতে ঘরনি --
সেজে গালে ঠোনা মেরে বলে, বোকা
রবীন্দ্রনাথ পড়নি?
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া"
আজ দেখে চারিদিকে থ
এ-ঠোঁটে রুক্ষ খোয়াইয়ের মাটি
ও-চোখে শান্তিনিকেতন

#মুক্তিপ্রকাশরায়


Monday, February 26, 2018

প্রাপ‍্য

প্রাপ‍্য
মুক্তিপ্রকাশ রায়

কেউ চোখ মারে, কেউ বোম মারে, কেউ পয়সা
বেশি লাই পেলে নাকি কৃমিকীট শেষে হয় সাপ
সে ছোবল মারে যার ওঝাদের সাথে দোস্তি
সব জেনেশুনে যারা জাদুয়ি চিরাগ ঘষতিস
তারা ভেবে দেখ আজ আটকাবি কীসে জিন-কে
যথা ট্রাম্প বা আসাদ, আইএস, আচ্ছে দিনকে
জনগণ পায় তার যেমন শাসক প্রাপ‍্য
গালে মৃত শিশু দেয় নিয়তির মতো থাপ্পড়

#মুক্তিপ্রকাশরায়

Monday, February 12, 2018

কিস-ডে

কিস-ডে: ২০১৮
মুক্তিপ্রকাশ রায়

কিসে কী যায় আসে, কীসে কী হয়
যদিও দেশ কিষ্কিন্ধ‍্যা নয়
কিসের কিসমতে তবুও চাপ
বাঁদরে লাফ দেবে, বসাবে খাপ
কিসের পক্ষে বা বলি কী আর
না এটা আমেরিকা, না লিপ ইয়ার
কিসে কি পেট ভরে? উপোসি দেশ
কীভাবে কিসে করি মনোনিবেশ!
এ ঠোঁট ফ‍্যাসিবাদী, ও ঠোঁটে বাম
মাঝে কি কাশ্মীর? না ডোকলাম?
ঠোঁটের সীমানায় দাঁড়িয়ে ঠোঁট
তুমি কি মেনে নেবে তৃতীয় জোট?

#মুক্তিপ্রকাশরায়
#কিস_ডে
#Kiss_Day

হাগ-ডে

হাগ-ডে
মুক্তিপ্রকাশ রায়

আমাদের কৈশোর
যেন দূর অতীতে
টিউশনে পাশে বসা
চোরা অনুমতিতে
কথা চালাচালি হলে
মনে হত ক্রাইম এ
সাজনের গান যেন
ভজনের টাইমে
অঙ্কের বই খুলে
বলেছিলি, দাগ দে
সেই দাগ রয়ে গেল
কেটে গেল হাগ-ডে

কখনও সত‍্যি বলি
কিছু গুলতাপ্পি
তখন কি ছিল ছাই
এ জাদুর ঝাপ্পি?
হাঁটুতে ঠেকলে হাঁটু
দুজনেই নি-হত
বেহাগ জীবনে হাগ
হলে তবে কী হত?
পাড়াতে বেরোত ফেউ
বাড়িতেও বাঘ ঢের
আঙুল সাক্ষী শুধু
আমাদের হাগ ডে-র

#মুক্তিপ্রকাশরায়
#হাগ_ডে
#Hug_Day