Showing posts with label বাংলা কবিতা. Show all posts
Showing posts with label বাংলা কবিতা. Show all posts

Tuesday, December 19, 2017

বিপথগামী

বিপথগামী
মুক্তিপ্রকাশ রায়

যারা খোঁজে তারা পায়, আমাদের হারানো স্বভাব
সংসার ডুবে গেলে, কবিতার মুঠিমাত্র লাভ
পথিক, তুমি কি পথ হারিয়েছ? ডেকে বলে কারা
আলেয়ার মতো শব্দ বিপথের দেখায় ইশারা
মহাকাল জানে, তাই আমরাও মেনেছি নীরবে
ব‍্যাধের তিরের ফলা একদিন মহাকাব‍্য হবে
হিসেবে চলতে বল, তবু রয়ে যায় ভুলচুক
এভাবেই কবিদের ঔদ্ধত‍্য বজায় থাকুক

#মুক্তিপ্রকাশরায়

Friday, June 30, 2017

নিম্নচাপ ১ Nimno chap 1

নিম্নচাপ ১
মুক্তিপ্রকাশ রায়

জলের উপরিতল দেখে বোঝা দায়
তার নীচে ডুবে গেছে পৃথিবীর অসমান মাটি

গুরুচণ্ডালি বৃষ্টিতে ডুবেছে কলকাতা
নর্দমা ছড়িয়ে গেছে
রাজনীতি অর্থনীতি কিছুই না মেনে

মহোল্লাসে হাঁটুজলে হা-ঘরে কিশোর
পেচ্ছাপ করছে, আর তার মূত্রস্রোত
অহংকারী চৌকাঠ দিয়ে
কলকাতা ঠেকাতে পারছে না

('ডুবসাঁতারের খেলা' কাব‍্যগ্রন্থে জানুয়ারি, ২০০৯-এ সংকলিত। 'সবুজ' পত্রিকার উদ‍্যোগে।)