Thursday, September 14, 2017

বিসর্জনের পর ২

বিসর্জনের পর ২
মুক্তিপ্রকাশ রায়

মা যখন গনগনে আলো হয়ে গেল
আমি বুঝলাম -- আমার জীবনে
এরপর অন্ধকার কত গাঢ় হবে

কাঁকড়া তো নিরীহ প্রাণী, খুব ভিতু, মানুষই বরং
তৃপ্তিসহকারে তার লাজুক মাংস খেয়ে থাকে
আসলে কাঁকড়া নয়
আমাদের কড়িকাঠে উই লেগেছিল

আমি দেখলাম
ঝাড়েবংশে উইপোকা পুড়ে যাচ্ছে মায়ের আগুনে
রোগমুক্ত মা যখন দপ করে সোনা হয়ে গেল
বললাম, সাবধানে যেয়ো

Wednesday, September 13, 2017

বিসর্জনের পর

বিসর্জনের পর
মুক্তিপ্রকাশ রায়

নাপিতের নির্বিকার ক্ষুর
মাথা থেকে আশীর্বাদ মুছে নিল
মায়ের আদর আমি
নদীর ঘাটে ফেলে রেখে এলাম:
সে আমার কতবড়ো ক্ষতি করে গেল
কোনওদিন বুঝবে না রোবট-নাপিত

নদীর হাঁ মুখে
আধসেদ্ধ চাল ঢেলে দেওয়ার সময়
আমার একটুও কান্না পায়নি
কিন্তু মায়ের মুখে লেগে থাকা পাটকাঠির ছাই
মুছে দিতে দিল না যে-পুরোহিত
তাকে আমি কোনওদিন ক্ষমা করব না

Thursday, September 7, 2017

কুকুর-কেত্তন

কুকুর-কেত্তন
মুক্তিপ্রকাশ রায়

কেউ লেজ নাড়ে, কেউ বা একটু তেড়িয়া
কেউ হাবেভাবে বিলিতি, কেউ বা নেড়ি আর
ঘেউঘেউ করে। তবুও এ মাহ ভাদরে
পথঘাট তারা ভরিয়ে তুলছে আদরে
পোষা বা না-পোষা, অথবা ছাপোষা কত দল
কুকুরেরা এসে চেটে দিয়ে গেল পদতল
হাড্ডিতে খুশি, নাই থাক তাতে মাংস
মালিকের দয়া, ডিনারের ভগ্নাংশ
কুকুরেরা নাকি বোঝে না সহজ অঙ্ক
হাড্ডি না পেলে খ‍্যাঁক, ব‍্যস জলাতঙ্ক
তাই হয় যদি আজ নয় কিছু হোক লস
পোষা কুকুরের চাই চকচকে বকলস
এঁটোকাঁটা পেলে ঠিক পিছু নেবে ডগিরা
ইঞ্জিনপিছু যেমন রেলের বগি-রা

Thursday, July 13, 2017

দানরহস‍্য Daanrahasya

দানরহস‍্য
মুক্তিপ্রকাশ রায়

বাগে পেলে জ্ঞান দেয়
ওঠে যারা ডায়াসে
যে কেবল সায় দেয়
তবলার বাঁয়া সে
চেপে দেয় বাস-লরি
ছেপে দেয় এডিটার
কে কাকে অভয় দিলে
কেরিয়ার স্টেডি তার
খুঁজে খুঁজে কেটে গেল
এ-জীবন গাড়লের
ঘরে বউ বকা দেয়
ঠ‍্যাং কাঁপে বার হলে
মণীষীরা বাণী দেন
বেদনা কা কস‍্য
কে যে দেয়, কাকে দেয়
সেটাই রহস‍্য

Sunday, July 9, 2017

গদি Godi

গদি
মুক্তিপ্রকাশ রায়

গদি যাকে মারে, গদি যাকে ধরে
কোন হরি তাকে বাঁচায়?
খিদে-পায়খানা চেপে রাখি যদি
গদির মালিক না চায়
কোন ফুকো দিয়ে কে দ‍্যাখে কে জানে!
তালা দিয়ে রাখি চোখে নাকে কানে
হয়তো বগলে রেকর্ডার দেবে
সিসিটিভি ডান পাছায়!

আন্তর্জালে জাল পেতে গদি
কবি ধরে খায় খপাত
কলিকালে সব সাধনই বিফল
সিদ্ধি তো নাম জপাৎ
কেউ যদি লেখে গদির জীবনী
সে হয় সুবোধ, সেই সোনামণি
কেউ বলে, আয়, ধুলোটুলো ঝেড়ে
হাত পাতবি তো চ পাত



Friday, July 7, 2017

প্রোটেকশন Protection

প্রোটেকশন
মুক্তিপ্রকাশ রায়

শোন ওরে ছোঁড়া
কালিদাস তোরা
এ 'আমরা-ওরা' chess খেলে
মুষলপর্বে
ভোটার মরবে
কে হাত ধরবে কেস খেলে?
শোন রে জঙ্গি
বা বজরঙ্গি
অঙ্গভঙ্গি বীভৎস
আমি আছি যার
ল অ্যান্ড অর্ডার
ছিঁড়বে তাহার কী বৎস?
শুধু মেপে জল
সাবধানে চল
বা কর্মফল go, take son!
আমাকে না বলে
হাঙ্গামা হলে
কে দেবে তাহলে প্রোটেকশন?



Wednesday, July 5, 2017

হঠকারীদের প্রতি Hothokarider Proti

হঠকারীদের প্রতি
মুক্তিপ্রকাশ রায়

আয় না, আমার মাথায় চড়
পাইয়ে দেব, ধৈর্য ধর
কাজের খোঁজে বেকুব ঘোরে
ভাতায় খুশি ধুরন্ধর

যুবক পাবে পাড়ায় জিম
ভোটের ক'দিন পাড়লে ডিম
খুর চালালে বোনাস পাবে
সস্তাদরে শেভিং ক্রিম

দুধের সঙ্গে মর্তমান
রোজ খাওয়াব, শর্ত মান
দেখবে সবাই সাপের খেলা
বনগাঁ থেকে বর্ধমান

স্বর্গে আছিস, বেহস্তে
করবি আদাব, নমস্তে
তা নয়, শেষে ছোবল দিলি
বিপত্তারণ শ্রীহস্তে!

নৌকো করিস টালমাটাল
ডুবলে আমি, বুঝবি বাল-
-খিল‍্যরা সব, কে বাঁচাবে
কালকে তোদের? রাজ‍্যপাল?