Showing posts with label bengali rhyme. Show all posts
Showing posts with label bengali rhyme. Show all posts

Tuesday, January 16, 2018

কিম্ভূত

কিম্ভূত
মুক্তিপ্রকাশ রায়

কেন তুই মোটা এত?
কেন তুই কঞ্চি?
কেন তোর ব্রেনে ঠাসা
বালি আর স্টোন-চিপ?
কেন তুই হাত-খোলা?
কেন তুই কঞ্জুস?
কী খেয়ে লম্বা হলি
কী টনিক? কোন জুস?
মার্কেটে এতকিছু
দুধ, সাবু, বার্লি
তাও তুই কোন মুখে
বেঁটে হতে পারলি!
কেন তুই মালাউন?
কেন তুই ম্লেচ্ছ?
সর্বদা তোর গায়ে
কেন ও-দলের ছোপ?
কেন তুই কালো এত?
শ্বেতি কেন চিবুকে?
আয় ব‍্যাটা কিম্ভূত
স্ট‍্যাম্প মেরে দি বুকে
পারফেক্ট দুনিয়ায়
এত কেন খুঁত তোর?
কে বাঁচাবে? কে জোগাবে
শো-কজের উত্তর?


#মুক্তিপ্রকাশরায়

Friday, January 12, 2018

আপৎকালীন

আপৎকালীন
মুক্তিপ্রকাশ রায়

(ছন্দসূত্র মূলত: ড‍্যাংডা ড‍্যাঙাড‍্যাং ড‍্যাংডা ড‍্যাং)

কোনটা প্রতিবাদ, কোনটা তেল
ডান পা চাটে কি না বাম আঁতেল
কে মাওবাদী আর কে সম্পদ
কে বদ, তবু অতি বশংবদ্
সিনেমা হলে খাড়া দেশপ্রেম--
কে জানে ঢেকে রাখে কী প্রবলেম
কারা যে ঘুষ খায়, কে ননভেজ
বাতাসে কারা শোঁকে  বিফ, সসেজ
কাকে যে ভয় করি -- পাক না চিন
প্রশ্ন             ফুটে ওঠে
প্রশ্ন             উথলোয়
ঢাকনা দিন, দাদা, ঢাকনা দিন

#মুক্তিপ্রকাশরায়

Monday, January 8, 2018

আশিকি ২০১৮

আশিকি ২০১৮
মুক্তিপ্রকাশ রায়

আজও ওড়ে চিল, পাথুরে পাঁচিল, হিংসুটে চোখ পাহারায়
তাও সবখানে প্রেমিকেরা জানে, জব তুম আও বাহার আয়ে
একে টাকা নেই, মামা-কাকা নেই, তায় দুশমন জমানা
তোরও বহু গুণ, অ্যাটিলা দ‍্য হুন, শুধু রাগ আছে, ক্ষমা নাই
টেলিফোন নেই; পড়ি, মন নেই; ধরেবেঁধে দিবি ফাঁসি কি?
লাভ কী বা তোর ছুড়ে পাত্থর, বদনাম করে আশিকি-র?
কার সাথে গেলি, ঝুমকা গিরালি কোন বরেলির বাজারে
সব কিছু ক্ষমা করে প্রিয়তমা আমি জিসাস অব নাজারেথ
চিকনি চামেলি, ফ্লার্ট করে গেলি,  বদনাম হল মুন্না
কাঁটা পেতে শুই, ভেবে বল তুই, এও কি আসলে খুন না?

#মুক্তিপ্রকাশরায়

ভাগ‍্যিস

ভাগ‍্যিস
মুক্তিপ্রকাশ রায়

ভাগ‍্যিস গায়ে লোম কিছু বেশি
বউ বলে, যেন গোরিলা
নইলে এ-শীতে গা ঘামাতে চাই
কুস্তি, জগিং, দড়িলাফ
অত হুজ্জতি ভালো লাগে কারও
সুস্থ শরীরে খামখা?
বাবা কিনে দেয় হনুমান টুপি
বন্ধুরা বলে, রাম খা
বজরং টুপি দেখে শালি হাসে
রাম দেখে কাড়ে রা বোনও
চানের সময় কেঁপে উঠি যেন
বালতিতে মহাপ্লাবন ও
ঘায়ের ওপর প্রলেপের মতো
লেপ এসেছিল বিয়েতে
রাতে লেপ কেড়ে লেপের মালিক
যেন ছুরি মারে ইয়ে-তে
পণপ্রথা জানি অভিশাপ, তাই
মৃদু হেসে বলি, পাগলি!
এত রাত্তিরে পোষাবে এ-দুটো
স্নো-বল সমেত জাগলিং?
নই আমি কোনও মেরুভল্লুক,
সিলমাছও নই, স‍্যান্টাও
মারবিই যদি, তিলে তিলে কেন
অন করে দে-না ফ‍্যানটাও
এ-শীতও আমার বশ মেনে গেছে
সাপ যেরকম সাপুড়ের
ভাগ‍্যিস গায়ে লোম কিছু বেশি
যেমন অনিল কাপুরের

#মুক্তিপ্রকাশরায়

Wednesday, November 15, 2017

শিশুদিবসের প্রার্থনা: ২০১৭

শিশুদিবসের প্রার্থনা: ২০১৭
মুক্তিপ্রকাশ রায়

ধমক দিলে মুচকি হাসে
বাঁধতে গেলে উধাও
উসকে দিলেও জ্বালায়, আবার
জ্বলবে যদি ফুঁ দাও
গোল্লা পেলে ঘোর বেহায়া
তোল্লা পেলে ব্লাশিং
কাণ্ড দেখে সবাই ভাবে
লেজ কেন নেই, বা শিং
পদ মানে না, ছক জানে না
বিপদ ডাকা স্বভাব
বিজ্ঞজনে বোঝায় তবু
কাটছে না এই raw ভাব
এমন শিশুই আসল শিশু
যার বাড়ে না বয়স
যায় আসে না আজ যদি তুই
ষাট অথবা ছয় হোস
জীবন আলিবাবার গুহা
রোজ সে শিশু অবাক
এমন শিশু এমন দিনে
সব বিষয়ে 'ক' পাক


Friday, November 10, 2017

কলম বনাম রাজামশাই

কলম বনাম রাজামশাই
মুক্তিপ্রকাশ রায়

রাজার এখনও
কলমে ভয়
এখনও লড়াই
কলমে হয়!
রাজার ভুঁড়ি বা
অর্গ‍্যাজম
সব কিছু নিয়ে
সারক‍্যাজম!
বেঁটেখাটো কবি
রোগা লেখক
ওঁচা কাগজের
প্রতিবেদক
মেডেল, মালাই,
উচ্চপদ
তবু খুশি নয়
এমনই বদ
সবকটা পাজি
বা বেইমান
ছড়াতে, কার্টুনে
যাবেই মান
জ্বালানে কলম
ধারালো নিব
বোঝে না মন্ত্র
টেক অ্যান্ড গিভ

Sunday, October 29, 2017

তিরিশে অক্টোবর, ২০১৭

তিরিশে অক্টোবর, ২০১৭
মুক্তিপ্রকাশ রায়

(সুকুমার রায়-এর জন্মদিনে শ্রদ্ধার্ঘ‍্য)

মিলছে না তাল, লাগছে না সুর
জীবনযাপন গম্ভীর
মন্ত্র নেব পাগলা দাশুর
দেখব কোথায় কম ভিড়
কানের কাছে জীবন যেন
ভীষ্মলোচন শর্মা
সুর মিলিয়ে দে বাগদেবী
একটু দয়া কর মা!
বাড়ছে ভুঁড়ি, দেখলে মরে
কুমড়োপটাশ লজ্জায়
কাঠবুড়োরা ডিগ্রি বেচে
অ্যাকাডেমির দরজায়
পেঁচার মতো অন্ধ আইন
রাত করে চোর দিনকে
সব হেশোরাম স‍্যালুট মারে
শ্রী ব‍্যাকরণ সিংকে
রুমাল থেকে বেড়াল হলে
কে করে লেজ কর্তন
"ভয় পেয়ো না, ভয় পেয়ো না"
বলছে পরিবর্তন

Thursday, October 26, 2017

বিদ্বজ্জন

বিদ্বজ্জন
মুক্তিপ্রকাশ রায়

("ভবসাগরতারণকারণ হে"-গানটির তালে পড়তে অনুরোধ করি)

আমি ধরতে রাজি ওঁচা ব‍্যক্তিরও পা
গুরু মানতে রাজি, যদি পাই শিরোপা
যদি পাউরুটি পাই, সাথে জ‍্যাম-ঝোলাগুড়
রাতকানা পেঁচাটিই যেন লক্ষ্মীঠাকুর
বুড়ো গাধাটি স্বয়ং লতা মঙ্গেশক‍র
কে যে কবিগুরু তুই তা এখন গেস কর
কাটা মুন্ডুকে বাঁধা রাখে রাজদরবার
সব পোষ‍্যরা খুশি, পেলে চিবোনোর হাড়
গজদন্ত মিনার চেপে আমরা ক'জন
ল‍্যাজ নাড়ি তবু লোকে ভাবে বিদ্বজ্জন

Saturday, October 21, 2017

সেই ছেলেটির গল্প

সেই ছেলেটির গল্প
মুক্তিপ্রকাশ রায়

ধুরন্ধর বিচক্ষণ বয়স তার উনিশ-বিশ
রাত দুটোয় জাল গোটায়, ভাইফোঁটায় আব্বুলিশ
পদ‍্য নয়, টোপ ছড়ায়; ঝোপ বুঝে পানপরাগ
ভঙ্গিতেও জঙ্গিভাব, সঙ্গী তার জুকারবার্গ
সকাল তার শঙ্খদার, বিকাল তার নন্দনেই
গোঁসাইজির বাগানটির ফুলতোলাও বন্ধ নেই
শক্তিমান, ভক্তিমান, যখন চান এনজিও
সুবোদ্ধা মিস করেন, কিস করেন সেনদিও
এইপাড়ায় সাব-অল্টার্ন, ওইপাড়ায় দামিও সে
একটু ভয় সে-ই আমি, একটু ভয় আমিও সে

Friday, October 13, 2017

আধুনিক

আধুনিক
মুক্তিপ্রকাশ রায়

একসময়ে ফোঁস ছিল খুব
এখন সবই অলীক
সময় যেন তেজের ফণায়
ঢেলেছে কার্বলিক
আয়না এখন ভেংচি কাটে
বায়না তবু অটল
বস ভেবেছে কুকুর, শ্বশুর --
প্লেটো, অ্যারিসটোটল
বন্ধুনেতা ছোঁ মেরে খায়
যেমন শকুন, কি চিল
এক রাজা যায়, আরেক আসে
এক রয়ে যায় মিছিল
আমার শুধু ক‍্যালি -- ছড়ায়
মিল দিয়েছি খেটে
সমালোচক ভাবেন পাছে
নিতান্ত ব‍্যাকডেটেড

Sunday, July 9, 2017

গদি Godi

গদি
মুক্তিপ্রকাশ রায়

গদি যাকে মারে, গদি যাকে ধরে
কোন হরি তাকে বাঁচায়?
খিদে-পায়খানা চেপে রাখি যদি
গদির মালিক না চায়
কোন ফুকো দিয়ে কে দ‍্যাখে কে জানে!
তালা দিয়ে রাখি চোখে নাকে কানে
হয়তো বগলে রেকর্ডার দেবে
সিসিটিভি ডান পাছায়!

আন্তর্জালে জাল পেতে গদি
কবি ধরে খায় খপাত
কলিকালে সব সাধনই বিফল
সিদ্ধি তো নাম জপাৎ
কেউ যদি লেখে গদির জীবনী
সে হয় সুবোধ, সেই সোনামণি
কেউ বলে, আয়, ধুলোটুলো ঝেড়ে
হাত পাতবি তো চ পাত



Friday, July 7, 2017

প্রোটেকশন Protection

প্রোটেকশন
মুক্তিপ্রকাশ রায়

শোন ওরে ছোঁড়া
কালিদাস তোরা
এ 'আমরা-ওরা' chess খেলে
মুষলপর্বে
ভোটার মরবে
কে হাত ধরবে কেস খেলে?
শোন রে জঙ্গি
বা বজরঙ্গি
অঙ্গভঙ্গি বীভৎস
আমি আছি যার
ল অ্যান্ড অর্ডার
ছিঁড়বে তাহার কী বৎস?
শুধু মেপে জল
সাবধানে চল
বা কর্মফল go, take son!
আমাকে না বলে
হাঙ্গামা হলে
কে দেবে তাহলে প্রোটেকশন?



Wednesday, July 5, 2017

হঠকারীদের প্রতি Hothokarider Proti

হঠকারীদের প্রতি
মুক্তিপ্রকাশ রায়

আয় না, আমার মাথায় চড়
পাইয়ে দেব, ধৈর্য ধর
কাজের খোঁজে বেকুব ঘোরে
ভাতায় খুশি ধুরন্ধর

যুবক পাবে পাড়ায় জিম
ভোটের ক'দিন পাড়লে ডিম
খুর চালালে বোনাস পাবে
সস্তাদরে শেভিং ক্রিম

দুধের সঙ্গে মর্তমান
রোজ খাওয়াব, শর্ত মান
দেখবে সবাই সাপের খেলা
বনগাঁ থেকে বর্ধমান

স্বর্গে আছিস, বেহস্তে
করবি আদাব, নমস্তে
তা নয়, শেষে ছোবল দিলি
বিপত্তারণ শ্রীহস্তে!

নৌকো করিস টালমাটাল
ডুবলে আমি, বুঝবি বাল-
-খিল‍্যরা সব, কে বাঁচাবে
কালকে তোদের? রাজ‍্যপাল?


Saturday, October 22, 2016

ট্র্যাফিক রুল

ট্র্যাফিক রুল
মুক্তিপ্রকাশ রায়

পথেপথে দাঁড় করিয়ে দিয়েছ রক্তচোখ
আমাদের কী লাভ হল তবে
চওড়া পথে নেমে?
আর কতদিন সেকেন্ড গিয়ারে রেখে
শরিয়তি স্পিডব্রেকার শাসন করবে আমাদের?

ওই দেখো ট্র্যাফিক সিগনালে
পেচ্ছাপ করে গেল রাস্তার কুকুর

Sunday, October 16, 2016

ডিলান, নোবেল এবং কয়েকটি কাক

ডিলান, নোবেল ও কয়েকটি কাক
মুক্তিপ্রকাশ রায়

কে পেল নোবেল প্রাইজ
কে পেল পদ্মভূষণ
এ-সবে চমকাবে কে?
ফালতু শব্দদূষণ!

চাইলেই আমরা পেতুম
সে নেহাত ধার ধারি না
পুঁজিবাদ এড়িয়ে চলি
মার্কসের চাপদাড়ি না

চা-ঠেকে ঠিক করে দি
ববি-তে সাহিত্য নেই
চাটে কে কাজের জুতো?
লাভ নেই স্থায়িত্ব নেই

গাছে নো- বেল পেকেছে
মিডিয়ায় কাকের বাইট
এবিপি-র সুমন জানে
এও এক ট্যালেন্ট, রাইট?

ল্যাদে যুগ পার করে দি
দাও বা না দাও কুশন
ল্যাঙে নো- বেল দেবে না?
অন্তত পদ্মভূষণ?