Showing posts with label bengali poem. Show all posts
Showing posts with label bengali poem. Show all posts

Friday, November 10, 2017

কলম বনাম রাজামশাই

কলম বনাম রাজামশাই
মুক্তিপ্রকাশ রায়

রাজার এখনও
কলমে ভয়
এখনও লড়াই
কলমে হয়!
রাজার ভুঁড়ি বা
অর্গ‍্যাজম
সব কিছু নিয়ে
সারক‍্যাজম!
বেঁটেখাটো কবি
রোগা লেখক
ওঁচা কাগজের
প্রতিবেদক
মেডেল, মালাই,
উচ্চপদ
তবু খুশি নয়
এমনই বদ
সবকটা পাজি
বা বেইমান
ছড়াতে, কার্টুনে
যাবেই মান
জ্বালানে কলম
ধারালো নিব
বোঝে না মন্ত্র
টেক অ্যান্ড গিভ

Sunday, October 29, 2017

তিরিশে অক্টোবর, ২০১৭

তিরিশে অক্টোবর, ২০১৭
মুক্তিপ্রকাশ রায়

(সুকুমার রায়-এর জন্মদিনে শ্রদ্ধার্ঘ‍্য)

মিলছে না তাল, লাগছে না সুর
জীবনযাপন গম্ভীর
মন্ত্র নেব পাগলা দাশুর
দেখব কোথায় কম ভিড়
কানের কাছে জীবন যেন
ভীষ্মলোচন শর্মা
সুর মিলিয়ে দে বাগদেবী
একটু দয়া কর মা!
বাড়ছে ভুঁড়ি, দেখলে মরে
কুমড়োপটাশ লজ্জায়
কাঠবুড়োরা ডিগ্রি বেচে
অ্যাকাডেমির দরজায়
পেঁচার মতো অন্ধ আইন
রাত করে চোর দিনকে
সব হেশোরাম স‍্যালুট মারে
শ্রী ব‍্যাকরণ সিংকে
রুমাল থেকে বেড়াল হলে
কে করে লেজ কর্তন
"ভয় পেয়ো না, ভয় পেয়ো না"
বলছে পরিবর্তন

Thursday, October 26, 2017

বিদ্বজ্জন

বিদ্বজ্জন
মুক্তিপ্রকাশ রায়

("ভবসাগরতারণকারণ হে"-গানটির তালে পড়তে অনুরোধ করি)

আমি ধরতে রাজি ওঁচা ব‍্যক্তিরও পা
গুরু মানতে রাজি, যদি পাই শিরোপা
যদি পাউরুটি পাই, সাথে জ‍্যাম-ঝোলাগুড়
রাতকানা পেঁচাটিই যেন লক্ষ্মীঠাকুর
বুড়ো গাধাটি স্বয়ং লতা মঙ্গেশক‍র
কে যে কবিগুরু তুই তা এখন গেস কর
কাটা মুন্ডুকে বাঁধা রাখে রাজদরবার
সব পোষ‍্যরা খুশি, পেলে চিবোনোর হাড়
গজদন্ত মিনার চেপে আমরা ক'জন
ল‍্যাজ নাড়ি তবু লোকে ভাবে বিদ্বজ্জন

Saturday, October 21, 2017

সেই ছেলেটির গল্প

সেই ছেলেটির গল্প
মুক্তিপ্রকাশ রায়

ধুরন্ধর বিচক্ষণ বয়স তার উনিশ-বিশ
রাত দুটোয় জাল গোটায়, ভাইফোঁটায় আব্বুলিশ
পদ‍্য নয়, টোপ ছড়ায়; ঝোপ বুঝে পানপরাগ
ভঙ্গিতেও জঙ্গিভাব, সঙ্গী তার জুকারবার্গ
সকাল তার শঙ্খদার, বিকাল তার নন্দনেই
গোঁসাইজির বাগানটির ফুলতোলাও বন্ধ নেই
শক্তিমান, ভক্তিমান, যখন চান এনজিও
সুবোদ্ধা মিস করেন, কিস করেন সেনদিও
এইপাড়ায় সাব-অল্টার্ন, ওইপাড়ায় দামিও সে
একটু ভয় সে-ই আমি, একটু ভয় আমিও সে

Friday, October 13, 2017

আধুনিক

আধুনিক
মুক্তিপ্রকাশ রায়

একসময়ে ফোঁস ছিল খুব
এখন সবই অলীক
সময় যেন তেজের ফণায়
ঢেলেছে কার্বলিক
আয়না এখন ভেংচি কাটে
বায়না তবু অটল
বস ভেবেছে কুকুর, শ্বশুর --
প্লেটো, অ্যারিসটোটল
বন্ধুনেতা ছোঁ মেরে খায়
যেমন শকুন, কি চিল
এক রাজা যায়, আরেক আসে
এক রয়ে যায় মিছিল
আমার শুধু ক‍্যালি -- ছড়ায়
মিল দিয়েছি খেটে
সমালোচক ভাবেন পাছে
নিতান্ত ব‍্যাকডেটেড

Friday, October 6, 2017

কবিতার জন্ম

কবিতার জন্ম
মুক্তিপ্রকাশ রায়

কথাগুলো উবে যায় কথোপকথনে

শব্দেরা হালকা হয়ে
গ‍্যাসবেলুনের মতো উড়ে যায় ভুল ঠিকানায়

গেরস্থালি ধৈর্য নিয়ে
একা-থাকা পেতে রাখে কেউ
ঘরোয়া দইয়ের মতো না-বলা কথারা
জমাট কবিতা হয়ে ওঠে

নীরবতা কবিতার জন্ম দেয় বলে
ঘুমন্ত শিশুর চেয়ে সফল কবিতা
          আজও কেউ লিখতে পারেনি

Sunday, July 2, 2017

উপোসী বাংলা Uposi Bangla

উপোসী বাংলা
মুক্তিপ্রকাশ রায়

তুমি   প্রেম বলে ভেবে নিচ্ছ
পাতি   অ্যাড্রিনালিন রাশ-কে
আমি   সমকামী প্রেমপত্র
লিখি    জীবনানন্দ দাশকে
তাই     জানলার পাশে সন্ধ্যায়
বৃথা      হাওয়া বয়ে যায় চৈতি
তুমি     ভাবছ যখন চুম্বন
আমি    মনেমনে রাজনৈতিক
আছি    চুপচাপ সেজে নিরীহ
যেন      প্রাইমারি টেট লক্ষ্য
আঁকা   দেশের ভাগ্য কপালে
তুমি      ভেবে নিলে বার্ধক্য
তুমি      সন্দেহ জ্বেলে রাখছ
একা     মনখারাপের জানলায়
যদি      চাও তার সাথে দেখা হোক
এসো   আমার উপোসী বাংলায়

('আশ্চর্য মলম' পত্রিকায় প্রকাশিত, ২০১৪)

Friday, June 30, 2017

নিম্নচাপ ১ Nimno chap 1

নিম্নচাপ ১
মুক্তিপ্রকাশ রায়

জলের উপরিতল দেখে বোঝা দায়
তার নীচে ডুবে গেছে পৃথিবীর অসমান মাটি

গুরুচণ্ডালি বৃষ্টিতে ডুবেছে কলকাতা
নর্দমা ছড়িয়ে গেছে
রাজনীতি অর্থনীতি কিছুই না মেনে

মহোল্লাসে হাঁটুজলে হা-ঘরে কিশোর
পেচ্ছাপ করছে, আর তার মূত্রস্রোত
অহংকারী চৌকাঠ দিয়ে
কলকাতা ঠেকাতে পারছে না

('ডুবসাঁতারের খেলা' কাব‍্যগ্রন্থে জানুয়ারি, ২০০৯-এ সংকলিত। 'সবুজ' পত্রিকার উদ‍্যোগে।)

Saturday, April 22, 2017

বাস ১

বাস ১
মুক্তিপ্রকাশ রায়

হেডলাইট জ্বেলে দিতে
রাস্তায় গড়িয়ে নামল কনে-দেখা আলো;
হিসেবি কন্ডাক্টর পয়সাকড়ি বুঝে নিয়ে
তোমার পাশের সিট তুলে দিল নিরাপদ হাতে;
বাঁধানো রাস্তা ধরে উলু দিয়ে চলে গেল বাস

কালো ধোঁয়া ভেসে থাকল
আমার শরীর ঘিরে
অপমানের মতো কিছুক্ষণ

টিকিটবিহীন আমি,
একদিন দেখো, ঠিক
কালো বেড়ালের মতো রাস্তা কেটে যাব

('মুঠোভরা বালি' কাব্যগ্রন্থ, ২০১৩, 'ঘাট পত্রিকা'র উদ্যোগে প্রকাশিত)

Saturday, October 22, 2016

ট্র্যাফিক রুল

ট্র্যাফিক রুল
মুক্তিপ্রকাশ রায়

পথেপথে দাঁড় করিয়ে দিয়েছ রক্তচোখ
আমাদের কী লাভ হল তবে
চওড়া পথে নেমে?
আর কতদিন সেকেন্ড গিয়ারে রেখে
শরিয়তি স্পিডব্রেকার শাসন করবে আমাদের?

ওই দেখো ট্র্যাফিক সিগনালে
পেচ্ছাপ করে গেল রাস্তার কুকুর

Thursday, October 20, 2016

অসুখ

অসুখ
মুক্তিপ্রকাশ রায়

অসুখেরও বিকিরণ হয়
অসুখ আলোর মতো জ্বলে ওঠে কবির শিয়রে
সে-আলোয় পৃথিবীতে
সালোকসংশ্লেষ হয়ে থাকে

অসুখ আসলে খুব ভ্রমণপিপাসু
ভালোবাসাতেও তার
বেশিদিন সংসার টেকে না

মার্কো পোলোর মতো, শঙ্করের মতো সে যখন দেশান্তরে যায়
অন্ধদের ভাষায় তাকে
সংক্রমণ বলা হয়ে থাকে

টেবিল

টেবিল
মুক্তিপ্রকাশ রায়

মাঝখানে টেবিল থাকলে
পরিচিত মুখগুলো
পরস্পরকে চিনতে পারে না

টেবিল ঢালু হয়ে যায়
আত্মপ্রসাদ থেকে চুঁইয়ে নামে প্রসাদ
অন্যদিকে জীবেরা ঊর্ধ্বমুখ
এবং জিবেরা
প্রত্যাশায় টানটান

অরণ্যে যেহেতু কোনও টেবিল থাকে না,
টেবিল তৈরির দিন ঈশ্বরের মৃত্যু এবং
সভ্যতার সূত্রপাত হয়